উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, শুধু পাঠ্যবই পড়ানো আর শিক্ষার্থীদের পড়া নেওয়ার মধ্যেই শিক্ষকের দায়িত্ব শেষ নয়। গত শনিবার (১৭ অক্টোবর) চট্টগ্রামে নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, বই তো এখন ইন্টারনেটেও পড়া যায়, তাই শুধু বই পড়ালেই প্রকৃত শিক্ষক হিসেবে সার্থক হওয়া যায় না।
শিক্ষার্থীদের শ্রদ্ধা পদমর্যাদা দিয়ে আদায় করা যায় না উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, নিজের জ্ঞান, যোগ্যতা ও আচরণের মাধ্যমে সেই শ্রদ্ধা অর্জন করতে হয়। শিক্ষকদের শিক্ষার্থীদের কাছে অনুসরণীয় ব্যক্তিত্ব হয়ে উঠতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে ভয়ভীতির পরিবর্তে শ্রদ্ধা ও বিশ্বাসের পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভয়ের মাধ্যমে প্রকৃত শিক্ষা দেওয়া সম্ভব নয়।
শিক্ষার উদ্দেশ্য কেবল ডিগ্রি অর্জন নয় জানিয়ে জাহিদুল ইসলাম বলেন, বড় বিশ্ববিদ্যালয়ের সনদ থাকলেও একজন শিক্ষার্থী দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ সম্পর্কে সচেতন না হলে সেই শিক্ষার সুফল সমাজ পাবে না। কর্মস্থল ও সুযোগ-সুবিধার সীমাবদ্ধতাকে দায়িত্ব পালনের অন্তরায় না করার আহ্বান জানান তিনি। নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের মেধার ভিত্তিতে শতভাগ স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক।