উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিদেশে উচ্চশিক্ষার নানা বিষয় নিয়ে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত হলো স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৬। প্রথম আলো ও ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এই মেলায় উচ্চশিক্ষার বিভিন্ন তথ্য জানতে সকাল থেকে শিক্ষার্থী ও অভিভাবকেরা ভিড় করেন। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা দুই দিনের এই মেলা শেষ হয় আজ শনিবার।
উচ্চশিক্ষার স্বপ্ন দেখো বিশ্বজুড়ে স্লোগানে আয়োজিত এই মেলার ব্যাংকিং পার্টনার ছিল ইস্টার্ন ব্যাংক পিএলসি। মেলায় বিদেশে উচ্চশিক্ষা, ভর্তিপ্রক্রিয়া, স্কলারশিপ ও আবেদনবিষয়ক পরামর্শ দিতে শীর্ষস্থানীয় ৪০টির বেশি শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান অংশ নেয়। সরাসরি মেলার পাশাপাশি প্রথম আলোর ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত ফেসবুক লাইভে বিশেষজ্ঞরা নানা দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান অফলাইন আয়োজনে ব্যাপক সাড়া পাওয়ার কথা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানান। ব্রিটিশ কাউন্সিলের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট শেহরীন শিবলী বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যম মেলা প্রাঙ্গণে উৎসবের আবহ সৃষ্টি করেছে। সশরীর উপস্থিত হতে না পারা শিক্ষার্থীদের জন্য https://www.studyabroadfair.pro/ ওয়েবসাইটে ২৫ অক্টোবর পর্যন্ত অনলাইন আয়োজন চলবে।