উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নীলফামারীর সংগীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন জেলার জনপ্রিয় কণ্ঠশিল্পী ও গীতিকার ফারুক ভুঁইয়া। বুধবার ভোর ছয়টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ ইউনিতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে প্রথমে নীলফামারী জেনারেল হাসপাতালে ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। বুধবার বাদ মাগরিব নীলফামারী কলেজ স্টেশন আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে পৌর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
তিনি ১৯৬৬ সালের ২৪ ফেব্রুয়ারি নীলফামারী পৌরসভার হারোয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার লেখা ও সুর করা 'বাংলাদেশের মাইনষিগিলা তোমাক দেওছো নিমন্ত্রণ' লোকসঙ্গীতটির জন্য তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী ছিলেন এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে অবদান রেখে গেছেন।