উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের ঘিওর উপজেলার আশাপুর বাজারসংলগ্ন মাঠে গত শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলা। আশাপুর, সড়কঘাটা ও চরবিনোড়া এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এই ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় বড়টিয়া সোনালী ক্লাব ও বীর সিংজুরী স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয় এবং মাঠে শত শত দর্শকের সমাগম ঘটে। উত্তেজনাপূর্ণ এই খেলায় বড়টিয়া সোনালী ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা কৃষকদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. মাসুদুর রহমান এবং টুর্নামেন্টের উদ্বোধন করেন সিংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আহসান রহমান মিঠু। এ সময় অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল আলীম খান মনোয়ার। খেলা শেষে চ্যাম্পিয়ন বড়টিয়া সোনালী ক্লাবের হাতে ৩২ ইঞ্চি এলইডি কালার টেলিভিশন এবং রানার্সআপ বীর সিংজুরী স্পোর্টিং ক্লাবের হাতে ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।
সিংজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা কৃষকদলের সহ-সভাপতি মো. খালেক শিকদার, ঘিওর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শওকত আলী খান, শ্রমিকদলের সহ-সভাপতি মো. স্বপন মিয়া ও ঘিওর উপজেলা কৃষকদলের সহ-যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিক খান। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তোলা এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।