উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে থাকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্যের জবাব দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, অস্ত্র নিয়ে তিনি কাউকে ভয় দেখাননি বা গুলিও করেননি, বরং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলছেন। শনিবার (১৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্যের জবাবে এক পোস্টে এসব কথা বলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
ইশরাক হোসেন জানান, তার হাতে থাকা অস্ত্রটি সম্পূর্ণ বৈধ এবং তিনি এলাকার একজন জনপ্রতিনিধি। তার সংসদীয় আসনের গেন্ডারিয়ার রেলস্টেশন-সংলগ্ন দয়াগঞ্জ ঘুণ্টিঘর এলাকায় মাদকের কারবার নিয়ে এলাকার মানুষ বারবার তার কাছে অভিযোগ করেছিলেন। পুলিশকে বিষয়টি জানানোর পরও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তিনি বাধ্য হয়ে সেখানে নিজেই গেছেন।
প্রতিমন্ত্রী আরও জানান, পুলিশ কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেনি এবং এ বিষয়ে তিনি অন্তত ৩০ থেকে ৪০ বার পুলিশের সঙ্গে বৈঠক করেছেন। পুলিশ জনবল কম ও গাড়ি নেই—এমন নানা অজুহাত দেখিয়েছে এবং এর আগে ওই এলাকায় অভিযান চালাতে গিয়ে কয়েকজন পুলিশ সদস্য গুলিবিদ্ধও হয়েছেন।
জুলাই গণ-অভ্যুত্থানের পর পুলিশ এখনো ঘুরে দাঁড়াতে পারেনি উল্লেখ করে ইশরাক হোসেন জানান, মাদক ব্যবসায়ীরা দূর থেকে গুলি করে বলেই মূলত তার হাতে অস্ত্র ছিল। তিনি বলেন, আমি তো আর গুলি করি নাই, ওটা নিয়ে কাউকে ভয়ও দেখাই নাই, হ্যাঁ, অভিযান আমরা করেছি, আমরা সামাজিক প্রতিরোধ গড়ে তুলছি।