উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দুর্গোৎসবের মহাসপ্তমীতে ধূপের ঘ্রাণ, ঢাকের বাদ্য আর মন্ত্রোচ্চারণে মুখর হয়ে উঠেছে রাজধানীর শ্রীশ্রী রমনা কালীমন্দির। দেবী দুর্গার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে ভক্তরা কেউ ফুল হাতে অঞ্জলি দিচ্ছেন, কেউবা আবার মগ্ন রয়েছেন প্রার্থনায়।
শনিবার সকালে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে এই চিত্র দেখা যায়, যেখানে পূজার পাশাপাশি পরিবার ও বন্ধুদের সঙ্গে দেবীদর্শনে আসেন নানা বয়সী মানুষ। নবপত্রিকা প্রবেশ ও স্থাপন এবং সপ্তমীবিহিত পূজার মধ্য দিয়ে সম্পন্ন হয় দিনের প্রধান ধর্মীয় আচার।
ঢাকার ধামরাই থেকে আসা তনয় ভৌমিক ও তাঁর মা তৃপ্তি রানী তরফদার রমনা কালীমন্দিরে পূজা দিয়ে মহাসপ্তমীর দিনটি শুরু করেন। পুরান ঢাকার লক্ষ্মীবাজার থেকে আসা বন্ধুরা অঞ্জলি দেওয়া শেষে ঢাকার আরও কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখার পরিকল্পনা জানান।
পূজার আচার পরিচালনা করা পুরোহিত শ্রী কানাই লাল চক্রবর্তী জানান, মহাসপ্তমীর পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং দেবী দুর্গার কাছে ভক্তদের মঙ্গল ও কল্যাণ কামনা করা হয়েছে। বিশ্ববাসীর শান্তি, সম্প্রীতি ও হিংসা-বিদ্বেষ দূর হওয়ার প্রার্থনাও জানানো হয় দেবীর কাছে।