উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা দাঁড়াল ৩৪২ জনে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৮৭২ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে করে চলতি বছর হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ১০ হাজার ৩১২ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৯৯১ জন এবং এ পর্যন্ত মোট ১ লাখ ৪ হাজার ৪৯১ জন বাড়ি ফিরেছেন।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর মারা যাওয়া ৩৪২ জনের মধ্যে অক্টোবরের প্রথম ১৬ দিনেই ৯৭ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দু’জন করে মারা যান।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যার সংখ্যা ৮৬৫ জন। এছাড়া চট্টগ্রামে ২৬০ জন, খুলনায় ২৩৩ জন, বরিশালে ১৯০ জন, রাজশাহীতে ১৭৩ জন, ময়মনসিহে ৬৭ জন এবং রংপুরে ৫৯ জন রোগী ভর্তি হয়েছেন।