উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বৃহত্তর চট্টগ্রামের উন্নয়ন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনের প্রত্যয় নিয়ে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের কেন্দ্রীয় পরিষদ ও চট্টগ্রাম মহানগর কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর ২০২৬ তারিখে নগরীর সিআরবি তাসফিয়া রেস্টুরেন্টে শনিবার বিকেল ৫টায় ফোরামের কেন্দ্রীয় চেয়ারম্যান আবু সৈয়দের সভাপতিত্বে এই সভা সম্পন্ন হয়। কেন্দ্রীয় কার্যকরী সভাপতি ও সাবেক সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানের সমন্বয়ে এবং কেন্দ্রীয় মহাসচিব মো. কামাল উদ্দিনের পরিচালনায় সভায় চট্টগ্রামের সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা নিয়ে আলোচনা করা হয়। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উদ্যোগের জন্য বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিক অভিনন্দন জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর চেয়ারম্যানের নেতৃত্বে পরিচালিত চলমান উন্নয়ন ও উচ্ছেদ অভিযান সফলভাবে বাস্তবায়নের জন্য জনসমর্থন গড়ে তোলার আহ্বান জানানো হয়। এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের ফুটপাত দখলমুক্তকরণ, নগর পরিচ্ছন্নতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়েও সভায় বিস্তারিত আলোচনা করা হয়। মেয়রের চলমান অভিযান সফল করতে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান ফোরামের নেতৃবৃন্দ।
সভায় কিশোর অপরাধ, চাঁদাবাজি, সন্ত্রাসী তাণ্ডব ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করা হয় এবং সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমনের জোরালো দাবি জানানো হয়। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির আওতাধীন প্রায় ২৫ হাজার আবাসিক গ্রাহকের দীর্ঘ ১১ বছর ধরে গ্যাস সংযোগ না পাওয়ার বিষয়টি সভায় অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। জরুরি ভিত্তিতে অপেক্ষমাণ সব গ্রাহকের গ্যাস সংযোগ নিশ্চিত, গ্যাসের লোডশেডিং বন্ধ এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার জোর দাবি উত্থাপন করা হয়।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রামের চলমান নাগরিক সংকট, গ্যাস সমস্যা, ফুটপাত দখলমুক্তকরণ, কিশোর অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক অভিনন্দন জানানো এবং দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনের জন্য ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। উক্ত সভায় ফোরামের কেন্দ্রীয় ও মহানগর কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।