উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্বাধীনতার কথা বলে বিগত আওয়ামী লীগ সরকার দিল্লির কৃতদাসের ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও তৎকালীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, গত ১৬-১৭ বছরে বাংলাদেশকে একমুখী করার প্রচেষ্টা চালানো হয়েছে এবং নীরবে সাংস্কৃতিক আগ্রাসন সংঘটিত হয়েছে। নিজেদের ক্ষমতা ধরে রাখতে গিয়ে দেশের সার্বভৌমত্ব দুর্বল করার চেষ্টা করা হয়েছে।
লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে শনিবার সন্ধ্যায় কালচারাল ইউনিটি বাংলাদেশ আয়োজিত প্রবন্ধ পাঠ, আলোচনা সভা ও লালনগীতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন রুহুল কবির রিজভী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের টিএসসির পায়রা চত্বরে এ অনুষ্ঠান হয়। বিগত ১৬ থেকে ১৭ বছরে বাংলাদেশের সংস্কৃতিকে নিয়ন্ত্রণের মাধ্যমে রাজনৈতিক আধিপত্য বিস্তার করার প্রচেষ্টা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কাজী জেসিন বলেন, বিগত সময়ে আওয়ামী লীগের শাসনামলে শুধু আমাদের গণতন্ত্রের অধিকার হরণ করা হয়নি, বরং সাংস্কৃতিক চর্চা ও মুক্ত সাংস্কৃতিক চর্চার অধিকারও কেড়ে নেওয়া হয়েছিল। হাসিনার পতনের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক মুক্তি অর্জন করেছি উল্লেখ করে তিনি বলেন, তবে সাংস্কৃতিকভাবে এখনো আমরা মুক্তি পাইনি।
উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিক্ষা অধ্যাপক আবদুস সালাম এবং ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। বক্তারা দেশের বর্তমান সাংস্কৃতিক পরিস্থিতি ও বিগত সরকারের বিভিন্ন অনিয়ম নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।