উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়াতে নতুন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিমানবন্দরের ৮টি লাগেজ বেল্ট এলাকায় ৩২টি সিসিটিভি ক্যামেরা এবং ৬৫ ইঞ্চি আকারের ১৮টি মনিটর স্থাপন করা হয়েছে।
এই নতুন ব্যবস্থার ফলে যাত্রীরা উড়োজাহাজ থেকে লাগেজ নামানো, বাছাই করা এবং বেল্টে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপ সরাসরি দেখতে পারবেন। শনিবার বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মনিটরগুলোর মাধ্যমে যাত্রীরা এখন থেকে তাদের মালামাল পরিবহনের পুরো প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন।
বেবিচক জানিয়েছে, লাগেজ ব্যবস্থাপনায় দক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। বিশেষ করে প্রবাসীসহ দেশি-বিদেশি যাত্রীরা যাতে নির্বিঘ্নে তাদের লাগেজ সংগ্রহ করতে পারেন, সেজন্য প্রযুক্তিনির্ভর ও যাত্রীবান্ধব এই সেবা চালু করা হয়েছে।
উল্লেখ্য, ইতিপূর্বে শাহজালাল বিমানবন্দরে যাত্রী হয়রানি, লাগেজ কাটা ও মালামাল চুরির মতো নানা অভিযোগ উঠেছিল। যাত্রীসেবার মানোন্নয়ন ও লাগেজের নিরাপত্তা জোরদার করতে আন্তর্জাতিক মানের এই বিমানবন্দর ব্যবস্থাপনা গড়ে তোলার উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।