উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের আকবরশাহ এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ অক্টোবর সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামসুজ্জামান হেলালী বলেন, শোষণমুক্ত ও ইনসাফপূর্ণ সমাজ গঠনের মাধ্যমেই বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করা সম্ভব। এই লক্ষ্য অর্জনে দলের প্রতিটি কর্মীকে ময়দানে থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান তিনি।
ওয়ার্ড আমীর ও আকবরশাহ থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি কাজী আফসার উদ্দিন শাহীনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন থানা আমীর আলহাজ্ব আবদুল হান্নান চৌধুরী। তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়বিচার বাস্তবায়নে ইসলামী সমাজ ব্যবস্থার কোনো বিকল্প নেই।
মানবাধিকার কর্মী ও ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. ইউসুফ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, এলাকার উন্নয়ন ও সামাজিক অবক্ষয় রোধে নৈতিকতাসম্পন্ন নেতৃত্বের প্রয়োজন। একটি বৈষম্যহীন সমাজ গঠনে তিনি এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সম্মেলনে তৃণমূল পর্যায়ে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া এবং সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আন্দোলন বেগবান করার ওপর গুরুত্বারোপ করা হয়। পরিশেষে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।