উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামে নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, কেবল পাঠ্যবই পড়ানো বা পড়া নেওয়াই একজন শিক্ষকের মূল কাজ নয়। বইয়ের বাইরের জ্ঞান ও নিজেদের আচরণের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে দৃষ্টান্ত স্থাপন করে তাদের শ্রদ্ধা অর্জন করতে হবে।
নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা তুলে ধরে তিনি জানান, শতভাগ মেধার ভিত্তিতে এই নিয়োগ সম্পন্ন হয়েছে এবং পদায়নে লটারির ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষকদের সীমাবদ্ধতাকে অজুহাত না করে দায়িত্ব পালনে নিষ্ঠাবান হওয়ার আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীদের মনে ভয়ের পরিবর্তে শ্রদ্ধা ও বিশ্বাসের পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। তিনি বলেন, ডিগ্রি অর্জনই শিক্ষার একমাত্র লক্ষ্য নয়, বরং দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধসম্পন্ন দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলাই প্রকৃত শিক্ষার উদ্দেশ্য।
শিক্ষকদের মর্যাদা প্রসঙ্গে তিনি বলেন, নিজেদের যোগ্যতা ও ব্যক্তিত্বের মাধ্যমেই শিক্ষার্থীদের আস্থা ও সম্মান পুনরায় অর্জন করতে হবে। রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করে একটি নিরাপদ রাষ্ট্র গঠনে অবদান রাখার আহ্বান জানান তিনি।