উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অক্ষরে অক্ষরে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের কথা বলে বিএনপি জাতির সঙ্গে প্রতারণা ও ধোঁকাবাজি করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, সংস্কারের যে স্তরগুলো পেরিয়ে আসা হয়েছে, বিএনপি সরকার সেগুলোকে পেছনে ফিরিয়ে নেওয়ার চক্রান্ত করছে।
শনিবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এক বছর পূর্তিতে সনদের প্রতিশ্রুতি ও বর্তমান বাস্তবতার চিত্র তুলে ধরতে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সমাপনী বক্তব্যে আখতার হোসেন অভিযোগ করেন, বিএনপি নিরঙ্কুশ ও জবাবদিহিহীনভাবে দেশ চালাতে চায় বলেই সংস্কার বাস্তবায়নে টালবাহানা করছে। গণভোটের রায় সংসদও অস্বীকার করতে পারে না উল্লেখ করে তিনি বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় এবং সংসদীয় কমিটির সভাপতি পদ বিরোধী দলকে আনুপাতিক হারে দেওয়ার বিষয়ে সনদে অঙ্গীকার থাকলেও ক্ষমতায় এসে বিএনপি তা লঙ্ঘন করেছে।
বর্তমান সংবিধান সংশোধন কমিটিকে ‘একদলীয়’ আখ্যা দিয়ে আখতার হোসেন বলেন, এটি গণভোটের সঙ্গে প্রতারণা এবং সংস্কার ভেস্তে দেওয়ার অপচেষ্টা। তিনি অবিলম্বে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, বিএনপির মুখে জুলাই হলেও অন্তরে আওয়ামী লীগ এবং তারা ওই পুরোনো কাঠামোই টিকিয়ে রেখেছে। তিনি সতর্ক করে বলেন, আগামী নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা না করে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, অন্যথায় বিরোধী আন্দোলন গণ-আন্দোলনে রূপ নেবে।
এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহউদ্দিন সিফাতের সঞ্চালনায় এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক প্রমুখ।