উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু নিহত হয়েছেন। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা এটিকে গুলি করে ভূপাতিত করার দাবি করলেও সৌদি আরব জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এক বিবৃতিতে জানান, কারিগরি ত্রুটির কারণে একটি এএইচ-৬আই গোয়েন্দা হেলিকপ্টার নাজরান অঞ্চলে সৌদি ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের অধীন একটি এলাকায় বিধ্বস্ত হয়। এ ঘটনায় হেলিকপ্টারটির দুই ক্রু নিহত হয়েছেন।
অন্যদিকে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেছেন, সীমান্ত এলাকায় হুতিদের অবস্থান লক্ষ্য করে শত্রুতামূলক কর্মকাণ্ড পরিচালনার সময় অ্যাপাচি হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়। এর জবাবে কয়েকটি অ্যাপাচির ছবি পোস্ট করে আল-মালিকি উল্লেখ করেন, হুতিরা এটি ভূপাতিত করার দাবি করলেও যানটি শিগগিরই যুদ্ধক্ষেত্রে ফিরবে।
সৌদি জোট আরও জানায়, খামিস মুশাইত শহর লক্ষ্য করে হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বিভিন্ন এলাকায় পাঠানো চারটি ড্রোন আকাশে ধ্বংস করা হয়েছে। এর আগে সম্ভাব্য বিপদ নিয়ে রিয়াদ, আবহা ও খামিস মুশাইত শহরে সতর্কতা জারি করেছিল দেশটির সিভিল ডিফেন্স, যা পরে তুলে নেওয়া হয়।
২০২২ সালের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত জুলাই থেকে দুই পক্ষের সংঘাত নতুন করে তীব্র রূপ নিয়েছে। এর আগে গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় ১৩ জন এবং পরের দিন আরেক হামলায় ১ জন নিহত হন। এ ছাড়া ১৩ অক্টোবর আরামকোর প্রধান কার্যালয়েও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল গোষ্ঠীটি।