উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর শ্যামলীতে মাইকেয়ার হেলথ অ্যান্ড রিসার্চ সেন্টারে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (১৪ অক্টোবর) প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে এক সচেতনতামূলক ও জ্ঞানভিত্তিক আলোচনা সভার আয়োজন করা হয়। সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার পথচলায় মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে ‘প্যাশেন্ট মেন্টাল হেলথ ইজ এভরি ডক্টর’স রেসপনজিবিলিটি টু’ বিষয়ক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন মনোরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা: রুবাইয়াৎ ফেরদৌস। এ সময় তিনি রোগীর সামগ্রিক চিকিৎসায় মানসিক স্বাস্থ্যের গুরুত্ব এবং বিভিন্ন বিভাগের চিকিৎসকদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ও কথাসাহিত্যিক অধ্যাপক ডা: এম এ মোহিত কামাল, জনস্বাস্থ্য ও স্বাস্থ্য যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা: অনুপম হোসেন, আল-মানার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং ইবনে সিনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা: আবু খলদুন আল-মাহমুদ। এছাড়া অর্থোপেডিকস সার্জন সহকারী অধ্যাপক ডা: আবদুল কাদির নোমান, মাইকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: জহিরুল ইসলাম ও ডিপিআরসির প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মো: শফিউল্লাহ প্রধানসহ অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, রোগীদের বাস্তব অভিজ্ঞতা ও অনুভূতিকে গুরুত্ব দেওয়া এবং এ সেবাকে আরও সহজলভ্য করার ওপর জোর দেন। অনুষ্ঠানের বিশেষ পর্বে অতিথিরা ডা: রুবাইয়াৎ ফেরদৌসের রচিত ‘মনকে বুঝি, মানুষকে পাশে রাখি’ বইয়ের মোড়ক উন্মোচন করেন এবং তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।