উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুমিল্লার লাকসামে ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৭ অক্টোবর) বিকালে স্থানীয় পৌর অডিটোরিয়ামে এই আলোচনা সভাটি আয়োজন করা হয়।
এডভোকেট বদিউল আলম সুজনের সঞ্চালনায় এবং ডা. আবদুল মুবিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী। এছাড়া বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ কামিল মাদ্রাসার হেড মুহাদ্দীস আবু নছর আশরাফী।
আলোচনা সভায় বক্তারা বলেন যে, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ মানবজাতির জন্য সর্বোত্তম অনুসরণীয় আদর্শ। তাঁর শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের মাধ্যমে ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব।
তাঁরা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে ইসলামী সমাজকল্যাণের নেতৃবৃন্দ, স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।