উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া সংলগ্ন সাঙ্গু নদীর ভাঙনকবলিত অংশ দিয়ে লোকালয়ে পানি ঢুকে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। স্থানীয়দের জানমাল ও বসতি রক্ষার্থে বর্তমানে ওই ভেঙে যাওয়া বাঁধ ও পাড়ে সংস্কার কাজ চলমান থাকলেও তা নিয়ে তীব্র সংশয় ও উদ্বেগ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা।
এলাকাবাসীর ভাষ্য মতে, কাজ চলমান থাকা অবস্থাতেই নদীর তলদেশ থেকে মাটি ও পাড় ধসে নিচের দিকে নেমে যাচ্ছে। ফলে শুধু ওপর থেকে নামমাত্র সংস্কার চালিয়ে কোনো স্থায়ী সুফল পাওয়া যাবে না এবং নদীর তলদেশ থেকে শক্ত ও স্থায়ী অবকাঠামো তৈরি না করলে সামান্য জোয়ার কিংবা পাহাড়ি ঢলের স্রোতে এই কাজ টিকবে না।
স্থানীয়রা জানান, বাজালিয়া ইউনিয়নের সাঙ্গু নদীর ভাঙন থেকে বসতবাড়ি ও আবাদি জমি রক্ষায় স্থায়ী ও টেকসই সমাধান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অবিলম্বে নদীর তলদেশ থেকে জিও ব্যাগ কিংবা পাইলিং এবং শক্ত প্রকৌশলগত কাঠামোর মাধ্যমে নদীর পাড় মজবুত করার কার্যকর উদ্যোগ নিতে হবে।
আসন্ন বর্ষা ও পাহাড়ি ঢলের ভয়াবহতায় সাধারণ মানুষের জানমালের বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত মানসম্মত ও টেকসই ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করছেন ভুক্তভোগী এলাকাবাসী।