উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিরোধী দল সরকারের পতন নয়, বরং সফলতা চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক মুক্ত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। এত দিন তাঁরা সরকারকে সহযোগিতা করার কথা বললেও এখন থেকে ১৮ কোটি মানুষকে সহযোগিতা করবেন বলে জানান তিনি।
শফিকুর রহমান অভিযোগ করেন, সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে এবং তাদের সেই যোগ্যতা নেই। সাংবিধানিক প্রতিষ্ঠান পিএসসির দিকে সরকার হাত বাড়াচ্ছে দাবি করে তিনি বলেন, কোনো মন্ত্রীর পিএসসির সদস্যদের পদত্যাগ বলার অধিকার নেই। এ সময় তিনি আরও অভিযোগ করেন, সরকারি দলের সংসদ সদস্যদের বিশেষ বরাদ্দ দেওয়া হলেও বিরোধী দলের কাউকে তা দেওয়া হয়নি।
সভায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, বিএনপি আধিপত্যবাদীদের সঙ্গে আপস করে রাষ্ট্র চালাতে চায়। জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার না করলে আন্দোলন আরও ভয়ংকর হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেন, নির্বাচনের আগে কার্ড বিতরণের ঘোষণা এক ধরনের ঘুষ এবং এর মাধ্যমে নির্বাচন প্রভাবিত হয়। সভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বিরোধী দল জনগণের দাবি আদায়ের চেষ্টা করে যাচ্ছে বলে সভায় জানানো হয়।