উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গতি ও রোমাঞ্চের মঞ্চে প্রায় চার দশক পর আফ্রিকা মহাদেশে ফিরছে ফর্মুলা ওয়ান। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে রুয়ান্ডায় বসবে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই মোটর রেসিং প্রতিযোগিতা। ২০৩০-এর দশকের শুরুতে ১০ বছরের চুক্তির আওতায় আফ্রিকান গ্রাঁ প্রি আয়োজন করা হবে।
১৯৯৩ সালে দক্ষিণ আফ্রিকার কায়ালামিতে সর্বশেষ আফ্রিকান ফর্মুলা ওয়ান রেস অনুষ্ঠিত হয়েছিল। রাজধানী কিগালির দক্ষিণ-পূর্বে বুগেসেরায় আন্তর্জাতিক মোটর স্পোর্টস সংস্থা এফআইএর গ্রেড-ওয়ান মানদণ্ড অনুসারে অত্যাধুনিক রেসিং সার্কিট নির্মাণ করা হবে। তবে প্রথম রেস কবে অনুষ্ঠিত হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
সার্কিটকে কেন্দ্র করে পর্যটন, বাণিজ্য, ক্রীড়া ও যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রুয়ান্ডা। আফ্রিকায় ফর্মুলা ওয়ানের ১০ কোটিরও বেশি ভক্ত থাকায় এই আয়োজন বাণিজ্যিকভাবে বড় সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। পাশাপাশি বিশাল ব্যয়ে সার্কিট নির্মাণ ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে চ্যালেঞ্জও রয়েছে। দক্ষিণ আফ্রিকাও আফ্রিকায় গ্রাঁ প্রি ফিরিয়ে আনার দৌড়ে রয়েছে এবং ভবিষ্যতে মহাদেশটিতে একাধিক রেস আয়োজনের সম্ভাবনা রয়েছে। বিশ্বের দ্রুততম রেসিং কারের জন্য উপযুক্ত ট্র্যাক নির্মাণ এবং অর্থনীতি ও পর্যটন খাতকে এগিয়ে নেওয়া রুয়ান্ডার প্রধান লক্ষ্য।