উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা পাওয়ার পর এ বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে এবং তা যাত্রীদের যথাসময়ে জানানো হবে। তবে প্রয়োজনীয় অনুমতি সাপেক্ষে আগামী ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে সংস্থাটির।
এদিকে সৌদি আরবের জেদ্দা ও মদিনা রুটে বিমানের নিয়মিত ফ্লাইট চলাচল বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। জরুরি প্রয়োজনে যাত্রীরা এই দুটি বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারছেন। যাত্রীদের বাড়তি চাহিদা সামাল দিতে মদিনা রুটে অধিক যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ পরিচালনা করা হচ্ছে। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত এই বিশেষ ব্যবস্থা চালু থাকবে এবং ১৯ অক্টোবর থেকে পূর্বের নিয়মে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ পরিচালনা করা হবে।
পাশাপাশি জেদ্দা রুটেও অতিরিক্ত ফ্লাইট পরিচালনার কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে বিমান কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট রুটগুলোর ফ্লাইট চলাচল ও সময়সূচির যেকোনো হালনাগাদ তথ্য যাত্রীদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। টিকিট কেনা, বুকিং এবং ভ্রমণসংক্রান্ত যেকোনো প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমানের বিক্রয় কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। শনিবার ১৭ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এই তথ্য নিশ্চিত করেছে।