উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১২০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে জাপানি বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল। রোববার ১৮ অক্টোবর বিকেলে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রীর সাথে এক বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়।
জাপানি বিনিয়োগকারীদের এ ঘোষণাকে স্বাগত জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত প্রতিনিধিদলকে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, পারস্পরিক লাভজনক সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে পর্যটন খাতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার আগ্রহী।
মন্ত্রী জাপানি বিনিয়োগকারীদের সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র পরিদর্শন এবং বিনিয়োগের সুযোগ মূল্যায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ লক্ষ্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের একটি প্রতিনিধিদল দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তিনি জানান।
জাপানি প্রতিনিধিরা বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলার আগ্রহ পুনর্ব্যক্ত করেন। প্রস্তাবিত ১২০ কোটি মার্কিন ডলারের এ বিনিয়োগের বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়ার পর তা সরকারের বিবেচনার জন্য উপস্থাপন করা হবে।