উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নোয়াখালীর সেনবাগ উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিশেষ নিরাপত্তা ও তদারকি কমিটি গঠন করা হয়েছে। উপজেলার ৯ নং নবীপুর ইউনিয়নের অধীনস্থ কুতুব্বের হাট ও আইছেরটেক সংলগ্ন পূজামণ্ডপসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারিভাবে এই নির্দেশনা জারি করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে প্রকাশিত অফিস আদেশে জানানো হয়, নবীপুর ইউনিয়নের সার্বিক মণ্ডপসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে সেনবাগ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াহিদুর রহমান-কে কমিটির আহ্বায়ক করা হয়েছে।
এই কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন নোয়াখালী সেনবাগ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী উত্তম কুমার সাহা এবং ৯ নং নবীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নাজমুল হাসান। এছাড়া কুতুবেরহাট ইউনিয়ন ভূমি কর্মকর্তা নুর আহমদ, বিশিষ্ট সমাজসেবক আমিন উল্যাহ বিএসসি ও মাস্টার খায়ের উল্যাহ আজাদ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন।
এদিকে কুতুব্বের হাট ও আইছেরটেক এলাকার দেবিসিংহপুর গ্রামের আইচ বাড়ীতে ‘ভগবতী সংঘ’-এর আয়োজনে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপনের প্রস্তুতি চলছে। উপজেলা প্রশাসনের এই তৎপরতায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং নিরাপদ পরিবেশে উৎসব সম্পন্ন হওয়ার আশা প্রকাশ করেছেন।