উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গ্রেপ্তার ১৪০০ মুখোশধারী বিক্ষোভকারীদের দেওয়া আগুনে ফ্রান্সের লিমোজ শহরের ঐতিহ্যবাহী সিটি হল ধ্বংস হয়ে গেছে। দুটি বিশ্বযুদ্ধের ধাক্কা সামলে সিটি হলটি প্রায় দেড় শতাব্দী ধরে টিকে ছিল। স্থানীয় সরকারি কর্মকর্তা মরিস বারাত বার্তা সংস্থা এএফপিকে বলেন, বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেওয়ার পর সিটি হলের পশ্চিমের অংশটি ছাড়া ভবনটির পুরো ছাদ ধসে পড়েছে।
১৪৩ বছরের পুরোনো এই ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতিকে ঐতিহ্যের জন্য বিপর্যয় বলে অভিহিত করেন মরিস বারাত। তিনি এ ঘটনাকে দুষ্কৃতকারীদের ইচ্ছাকৃত কর্মকাণ্ড বলে বর্ণনা করে তীব্র নিন্দা জানান। শত শত মানুষ নিজের চোখে সিটি হলটি আগুনে পুড়ে যেতে দেখেছেন এবং ভবন আগুনে পুড়ছে দেখে এক পৌরকর্মী কান্নায় ভেঙে পড়েন।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ চলাকালে গত শনিবার লিমোজ সিটি হলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি হলের বাইরে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার পর মুখোশধারী একদল বিক্ষোভকারী ভবনটির জানালা ভেঙে ভেতরে ঢুকে আগুন ধরিয়ে দেয়।
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, স্কুলে নানা সংকট ও সরকারি সেবার মান কমে যাওয়ার প্রতিবাদে গত শনিবার দেশজুড়ে লাখো মানুষ বিক্ষোভ করেছেন। এদিন রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে এবং ফরাসি সরকার জানিয়েছে দেশজুড়ে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ রাস্তায় নামে ও অন্তত ১ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।