উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ বা তাকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদ সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। রোববার ১৮ অক্টোবর রাতে এক বিবৃতিতে প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা এই তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, প্রতিমন্ত্রী তার দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করছেন এবং সরকার থেকে তাকে কোনো নির্দেশ দেওয়া হয়নি। একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল ও বিভ্রান্তি সৃষ্টির জন্য এই কাল্পনিক তথ্য ছড়াচ্ছে।
গতকাল নিজ আসনে মাদকবিরোধী কর্মসূচিতে আত্মরক্ষার্থে অস্ত্র প্রদর্শনের ঘটনা নিয়ে প্রতিমন্ত্রী আগেই অবস্থান পরিষ্কার করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে পদত্যাগের খবর ছড়ানো সাংবাদিকতার নীতিমালার পরিপন্থি বলে জানানো হয়।
সংশ্লিষ্ট গণমাধ্যম ও দেশবাসীকে এই অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে বিভ্রান্তিকর খবর অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।