উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বলেছেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। ধর্ম যার যার রাষ্ট্র সবার এবং সরকার সবসময় আপনাদের পাশে রয়েছে। আজ শনিবার বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। এ সময় তিনি জেলায় তিনটি সেতু ও একটি আবহাওয়া অফিস নির্মাণের আশ্বাস দেন এবং জেলার চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি জানান, এসব অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মৎস্যসম্পদ রক্ষায় নিষেধাজ্ঞার সময়ে কোনো ট্রলিং ট্রলার চলতে দেওয়া যাবে না বলেও তিনি নির্দেশ দেন।
পূজামণ্ডপের নিরাপত্তার বিষয়ে চিফ হুইপ বলেন, দুর্গাপূজার মণ্ডপগুলোতে শতভাগ সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তার সভায় সভাপতিত্ব করেন এবং জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।