উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদের পদত্যাগের দাবিতে গতকাল শনিবার রাজধানী তিউনিসে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার রক্ষা ও জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে এই বিক্ষোভ হয়েছে। দেশটির প্রভাবশালী শ্রমিক ইউনিয়ন ইউজিটিটি, বিভিন্ন নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোর যৌথ উদ্যোগে এই বিক্ষোভের আয়োজন করা হয়।
বিক্ষোভকারীরা গণমিছিল নিয়ে তিউনিসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এই গণমিছিলে পিপলস মুভমেন্ট, এন্নাহদা মুভমেন্ট এবং ন্যাশনাল স্যালভেশন ফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা–কর্মী ও সমর্থকেরা অংশ নেন।
মিছিল শেষে মিউনিসিপ্যাল থিয়েটারের সামনে আয়োজিত সমাবেশে ইউজিটিটির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সালমি বলেন, সরকার আলোচনার পথ বন্ধ করলে রাজপথই হবে প্রতিবাদের মঞ্চ। তিউনিসিয়ার মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষায় দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
শিক্ষক মুনির জেলাসি বলেন, দেশে মতপ্রকাশের স্বাধীনতা কমে আসছে এবং মৌলিক স্বাধীনতার ওপর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। এছাড়া চলমান অর্থনৈতিক সংকটে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক জীবন যাপন করা কঠিন হয়ে পড়েছে।