উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ অর্থনীতির গণতন্ত্রায়নের মাধ্যমে করদাতার সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বর্তমান করদাতাদের ওপর বাড়তি চাপ না দিয়ে কর প্রদানে সক্ষম নতুনদের করের আওতায় আনার আহ্বান জানান।
গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয় এমটিএম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘৩য় অভিষেক অনুষ্ঠান ও এমটিএম নাইট ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অর্থনীতিতে অধিক মানুষের অংশগ্রহণ নিশ্চিত হলে রাজস্ব আহরণ সহজ হবে এবং দেশের উন্নয়ন কার্যক্রম গতিশীল হবে।
জনপ্রশাসন উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এই লক্ষ্য অর্জনে রপ্তানি বহুমুখীকরণ, শিল্পায়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়ন অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন।
উপদেষ্টা বলেন, বাংলাদেশে কর-জিডিপি অনুপাত মাত্র ৬.৭ শতাংশ, যেখানে ভারত ও চীনে এই হার যথাক্রমে ১২ ও ২০ শতাংশ। উন্নত দেশের মতো রাষ্ট্রীয় সেবা নিশ্চিত করতে হলে রাজস্ব আহরণ বাড়ানোর পাশাপাশি কর ব্যবস্থাপনায় কার্যকর সংস্কার ও করদাতাদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে হবে।
বিএনপির নির্বাচনী ইশতেহারের কথা উল্লেখ করে তিনি বলেন, অর্থনীতির গণতন্ত্রায়নের মূল লক্ষ্য হলো প্রতিটি নাগরিকের উৎপাদনশীল সক্ষমতাকে কাজে লাগানো। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কর প্রশাসনকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার জন্য পেশাজীবীদের প্রতি আহ্বান জানান তিনি।