উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জ সদর উপজেলার কাফাটিয়া এলাকায় মাদকবিরোধী এক বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে চারজন মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার ১৭ অক্টোবর, ২০২৬ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ-এর উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
কাফাটিয়া এলাকায় মাদক সেবন ও সেবনপূর্বক সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করার অপরাধে চারজনের বিরুদ্ধে পৃথক ৪টি মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয়। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে প্রত্যেক আসামীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে দণ্ডপ্রাপ্ত আসামীদের প্রত্যেকের কাছ থেকে ১ গ্রাম করে মোট ৪ গ্রাম হেরোইন উদ্ধার ও জব্দ করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন মো: রোহান, মো: হায়দার, মো: আজিজুল এবং মো: জাকির।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকের বিস্তার রোধ ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় মানিকগঞ্জ জেলায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।