উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মিরপুরে রাড্ডা–এমসিএইচ–এফপি ক্লিনিক ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাত দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ রোববার বিকেলে মিরপুরে রাড্ডা সেন্টারের সামনে আয়োজিত এক মানববন্ধনে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম এই হুঁশিয়ারি দেন। ‘ঢাকা-১৪ আসনের সর্বস্তরের জনগণ’–এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে নির্দিষ্ট সময়ে বিচার না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানানো হয়।
সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম বলেন, সুলভ মূল্যে চিকিৎসাসেবা পাওয়ার প্রতিষ্ঠান রাড্ডা হাসপাতাল ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজনৈতিক প্রভাবের কারণেই তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে না বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ সময় পাপেল, লেলিন, শুভ্র, রাসেল ও সজীবসহ অভিযুক্ত ব্যক্তিদের আগামী সাত দিনের মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান এই জামায়াত নেতা।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, গণমাধ্যমে এসেছে রাড্ডার স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলাকারীদের পেছনে মদদদাতা রয়েছে। কোনো রাজনৈতিক পরিচয় যেন অপরাধীদের আত্মরক্ষার ঢাল না হয়, সে বিষয়ে সতর্ক করেন তিনি। সরকার কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হলে নাগরিক সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে তদন্ত কমিশন গঠন করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
কর্মসূচি থেকে রাড্ডা ক্লিনিকের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করা, লুট হওয়া ওষুধ ও সরঞ্জাম উদ্ধারের দাবি জানানো হয়। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহফুজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন শাহ আলম তুহিন, মঈন উদ্দিন, মনিরুল ইসলাম মৃধা ও জি এম হাফিজুর রহমান প্রমুখ।