উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ সেনাসদস্য নিহত ও অন্তত ৩৯ জন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে দেশটির অন্যতম ব্যস্ত সামরিক প্রশিক্ষণ ঘাঁটি কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইটে এই আগুনের সূত্রপাত হয়। রোববার রাজধানী অটোয়া থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই ঘটনাকে ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করেছেন।
মেজর জেনারেল ওয়েড রাটল্যান্ড সাংবাদিকদের জানান, ঘটনার সময় পদাতিক বাহিনীর সদস্যরা গ্রেনেড রেঞ্জ এবং অ্যাটাক রেঞ্জে আসল গোলাবারুদ ব্যবহার করে উচ্চ-মাত্রার যুদ্ধ প্রশিক্ষণ চালাচ্ছিলেন। প্রশিক্ষণ স্থান থেকে প্রায় ১ কিলোমিটার দূরে শুকনো ঘাসে প্রথম আগুনের সূত্রপাত হয় এবং অস্বাভাবিক তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আলবার্টার প্রাদেশিক সরকারের প্রধান ড্যানিয়েল স্মিথ এক সংবাদ সম্মেলনে জানান, হাসপাতালে চিকিৎসাধীন ৩৯ জনের মধ্যে অন্তত ১৯ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
এই অগ্নিকাণ্ডে প্রাণ হারানো সেনাসদস্যরা হলেন সার্জেন্ট মরগান ওং এবং সৈনিক শন ফারেল, এইডান গুল্ডিং ও হেইডেন লাইকমার্ক। আহতদের মধ্যে অনেকের অবস্থা সংকটজনক হওয়ায় তাদের এয়ার অ্যাম্বুলেন্স এবং ২২টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে ওয়েনরাইট থেকে প্রাদেশিক রাজধানী এডমন্টনের বড় হাসপাতালগুলোতে স্থানান্তর করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং সামরিক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এর পেছনে কোনো সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বা নাশকতার ইঙ্গিত নেই।