উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। মাসব্যাপী এই ঐতিহ্যবাহী মেলা চলবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। রোববার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে গত ১৩ অক্টোবর বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৭ আয়োজন বিষয়ে প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে ওই সভায় প্রকাশক ও প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী মেলার এই সময় নির্ধারিত হয়।
উক্ত সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং সচিব ইয়াসমিন বেগমও উপস্থিত ছিলেন। সবার সম্মিলিত আলোচনার ভিত্তিতেই আগামী ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।