উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ সচিবালয় বর্তমান আবদুল গনি রোড থেকে সরিয়ে রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল রোববার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এর আগে সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় সচিবালয় স্থানান্তরের নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার এবং ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, আবদুল গনি রোডের বর্তমান সচিবালয়ে ১৭ দশমিক ৫৭ একর জায়গায় ১৩টি ভবন রয়েছে যার বেশিরভাগই স্বাধীনতার আগে নির্মিত এবং ভূমিকম্প সহনীয় নয়। ঢাকা শহর ভূমিকম্পপ্রবণ হওয়ায় এসব ঝুঁকিপূর্ণ ভবনে গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করা এবং পর্যাপ্ত জায়গার অভাবে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা সম্ভব হচ্ছে না। লুই আই কানের মহাপরিকল্পনা অনুযায়ী শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠের প্রায় ৩১ দশমিক ৫৮ একর জায়গায় নতুন সচিবালয় নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।
নতুন জায়গায় তিনটি বেজমেন্টসহ ১৪টি ১২ তলা ভবন নির্মাণ করা হবে এবং এর প্রায় ৩০ শতাংশ জায়গায় সবুজায়ন ও জলাধারের সংস্থান রাখা হবে। সচিবালয় স্থানান্তরের পর বর্তমান জায়গায় কী হবে সে বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, পুরোনো ঢাকার জেলা প্রশাসকের কার্যালয় এবং অধস্তন আদালতসহ অন্যান্য অফিস এখানে স্থানান্তরিত হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও কিছু পরীক্ষা–নিরীক্ষার কাজ এগিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। বর্তমানে নতুন এই প্রকল্পের ব্যয়ের প্রাক্কলন চলছে।