উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুরে মাদক কারবারি ও বালু দস্যুদের হামলায় পঙ্গুত্ববরণকারী সাংবাদিক সাজ্জাদ হোসেনসহ তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় জামিন মঞ্জুর করেছে আদালত। ঢাকার মহানগর দায়রা ও বিচারিক আদালতে রোববার ১৮ অক্টোবর ২০২৬ খ্রীস্টাব্দে এই শুনানি অনুষ্ঠিত হয়। সিআইডি পুলিশের এক সদস্যের স্ত্রী আয়েশা আক্তার এই কথিত চাঁদাবাজির মামলাটি দায়ের করেছিলেন।
রোববার ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক নাজমিন আক্তার উভয় পক্ষের শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্ত তিন সাংবাদিক হলেন ফরিদপুরের নির্যাতিত সাংবাদিক সাজ্জাদ হোসেন, রাজধানী টেলিভিশনের ফরিদপুর প্রতিনিধি শফিকুল ইসলাম এবং এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন কমিটির পক্ষে আদালতে আইনি লড়াই পরিচালনা করেন চারজন আইনজীবী।
মামলার প্রধান আসামি সাংবাদিক সাজ্জাদ হোসেন সংবাদ প্রকাশের জেরে প্রায় দেড় বছর আগে হামলার শিকার হয়ে হাত-পা হারিয়েছেন। এরপর থেকে তিনি চিকিৎসাধীন এবং নিরাপত্তার কারণে ঢাকায় অবস্থান করতে বাধ্য হচ্ছেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে জানানো হয়, কোনো রূপ তদন্ত ছাড়াই এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
সংগঠনটির নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মামলাটির নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। একই সঙ্গে সাংবাদিক সাজ্জাদ হোসেনসহ অপরাপর সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের অনুকূল পরিবেশ তৈরির জোর দাবিও জানান সংগঠনের নেতারা।