উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত দুই দিনব্যাপী ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৬’ আজ শনিবার শেষ হয়েছে। প্রথম আলো ও ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এই মেলায় উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে ভিড় করেছিলেন অসংখ্য শিক্ষার্থী ও অভিভাবক।
মেলায় অংশ নেওয়া মিনহাজ হোসেন ও রাইসা মেহেরিনের মতো অনেক শিক্ষার্থীই সঠিক তথ্য ও পরামর্শের খোঁজে এসেছিলেন। মূলত বিদেশে উচ্চশিক্ষা, স্কলারশিপ ও ভর্তিপ্রক্রিয়া সম্পর্কে সরাসরি দিকনির্দেশনা দিতেই এই মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় দেশের শীর্ষস্থানীয় ৪০টিরও বেশি শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান অংশ নেয়। ইস্টার্ন ব্যাংক পিএলসির ব্যাংকিং পার্টনারশিপে আয়োজিত এই মেলায় পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ার ও বিভিন্ন নথিপত্র তৈরির বিষয়েও বিশেষজ্ঞ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সশরীরে মেলায় উপস্থিত হতে না পারা শিক্ষার্থীদের জন্য আগামী ২৫ অক্টোবর পর্যন্ত মেলাটির অনলাইন সংস্করণ চালু থাকবে। প্রথম আলোর ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসেই বিভিন্ন পরামর্শক প্রতিষ্ঠানের সেবা ও অফার সম্পর্কে তথ্য জানতে পারবেন।