উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বালিগর্ত পাড়া থেকে নিখোঁজ ভ্যানচালক চান মিঞা ওরফে চান্দ আলীর (৫৫) খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শাহাপুর পুলিশ ক্যাম্পের অদূরে কোটচাঁদপুর সড়কের পাশ থেকে তার পচাগলা দেহটি উদ্ধার করা হয়।
নিহত চান্দ আলী হাসাদাহ গ্রামের মৃত জোনাব আলীর ছেলে। গত ১৫ অক্টোবর প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের সময় থেকে তার ব্যাটারিচালিত ভ্যানটিরও কোনো হদিস মেলেনি।
সোমবার সকালে স্থানীয় পথচারীরা বিকৃত ও মস্তকবিহীন দেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরিধেয় পোশাক দেখে স্বজনরা লাশটি নিখোঁজ চান্দ আলীর বলে শনাক্ত করেন। দুর্বৃত্তরা ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জীবননগর থানার ওসি সোলাইমান শেখ জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ভ্যান ছিনতাই নাকি অন্য কোনো শত্রুতা—তা খতিয়ে দেখা হচ্ছে। লাশের ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।