উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোমবার সকালে ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও বিরোধীদলের অংশ না নেওয়ার কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিরোধীদল জুলাইয়ের চেতনাকে ধারণ করে না বলেই শহীদদের সম্মান জানাতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়নি।
এর আগে সকাল ১০টায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন, মীর মাহফুজুর রহমান মুগ্ধের বাবা মোস্তাফিজুর রহমান, শাহারিয়ার খাঁন আনাসের মা সানজিদা খান দীপ্তি এবং ওয়াসিম আকরামের বাবা মোহাম্মদ শফিউল আলমকে সঙ্গে নিয়ে স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে প্রাঙ্গণে গাছের চারা রোপণ ও আধুনিকায়নকৃত উদ্যান পরিদর্শন শেষে আলোচনা সভায় বক্তব্য দেন তিনি।
অনুষ্ঠানে তারেক রহমান বলেন, জুলাইয়ের আত্মত্যাগীদের সম্মান জানাতে বিরোধীদলীয় নেতাসহ শীর্ষ ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সরকারের সঙ্গে দূরত্ব থাকলেও যেসব মানুষের রক্ত ও ত্যাগের বিনিময়ে বিরোধীদল আজ এই অবস্থানে পৌঁছাল, তাদের পরিবারের পাশে বিরোধীদলীয় নেতাদের না আসাকে তিনি দুঃখজনক বলে মন্তব্য করেন।
বিএনপি ৭১ এবং জুলাইকে সমানভাবে ধারণ করে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, সরকার আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারের পুনর্বাসনে কাজ করছে। বিরোধিতার খাতিরে বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচারের পথ যেন উন্মুক্ত না হয় সে বিষয়ে সতর্ক করে তিনি বলেন, এমন আচরণ জুলাই এবং ৭১-এর শহীদদের সঙ্গে গাদ্দারি করার শামিল।
বক্তব্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, গত দেড় মাস ধরে সরকারের পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। এডিস মশা সরকারি বা বিরোধী দল চেনে না উল্লেখ করে তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর জোর দেন।