উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর গেন্ডরিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে নিজের অস্ত্র প্রদর্শনের ঘটনার জেরে সমালোচনার মুখে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের এই আনুষ্ঠানিক ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে পদত্যাগের সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন ইশরাক হোসেন। তিনি জানান, ঢাকা-৬ আসন থেকে জনগণের ভোটে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য হিসেবে গত ১২ ফেব্রুয়ারি তিনি শপথ নেন এবং প্রধানমন্ত্রী তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন। গত দুই দিন ধরে দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রেক্ষিতে তিনি স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর কাছ থেকে অব্যাহতি চেয়েছেন।
ইশরাক হোসেন বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় তিনি পদত্যাগের ইচ্ছার কথা জানিয়েছেন যাতে তার কারণে সরকার এবং প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড ম্লান না হয়। একই সঙ্গে নিজের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে গত শনিবার রাজধানীর গেন্ডারিয়া রেললাইন সংলগ্ন এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেন এই প্রতিমন্ত্রী। এর জেরে রোববার মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীকে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন বলে জানা গেছে। যদিও রোববার রাতে ছড়িয়ে পড়া পদত্যাগের গুঞ্জনকে প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা এক বিজ্ঞপ্তিতে অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেছিলেন।