উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর পেছানোর বিষয়ে চলতি অক্টোবরের মধ্যেই সিদ্ধান্ত আসবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে বিএফটিআই ও ইআরএফ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
উত্তরণ পেছানোর অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, জাতিসঙ্ঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির ধাপ বাংলাদেশ পার করেছে এবং অর্থনৈতিক ও সামাজিক পরিষদে তিন বছর সময় বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নসহ সংশ্লিষ্ট পক্ষগুলো এ বিষয়ে একমত হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী ২৪ নভেম্বরের নির্ধারিত সময়ের আগেই ইতিবাচক নিষ্পত্তি পাওয়া যাবে।
বিলম্বের কারণ ব্যাখ্যা করে মন্ত্রী মন্তব্য করেন, উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় যথাযথ প্রস্তুতি না নিয়ে অতীতে বিষয়টিকে রাজনৈতিকভাবে মহিমান্বিত করার চেষ্টা হয়েছে। তিনি জানান, বাড়তি সময় পাওয়ার বিষয়ে সময়বদ্ধ কর্মপরিকল্পনা ইউরোপীয় ইউনিয়নের সাথে ভাগ করা হয়েছে এবং উত্তরণের আগেই ইইউর সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি বা এফটিএ সম্পন্ন করতে প্রধান আলোচক নিয়োগ দেয়া হয়েছে।
ব্যবসা শুরুর দীর্ঘসূত্রতা কমাতে একক অনলাইন পোর্টাল চালুসহ বিভিন্ন সংস্কারের কথা জানান খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি উল্লেখ করেন, বর্তমানে ট্রেড লাইসেন্স থেকে শুরু করে এলসি খোলা পর্যন্ত গড়ে ৩৫৫ দিন ব্যয় হয়। এ পরিস্থিতি বদলাতে আরজেএসসির সেবা পুরোপুরি অনলাইনে আনা, লাইসেন্সের মেয়াদ ৩ থেকে ৫ বছর করা এবং ২০২৭ সালের মধ্যে সমন্বিত পরিদর্শন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
জ্বালানি সঙ্কট কাটাতে ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন, গ্যাসকূপ খনন ও সৌরবিদ্যুৎ সম্প্রসারণের উদ্যোগের কথা তুলে ধরেন মন্ত্রী। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন বিএফটিআইর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোস্তফা আবিদ খান। ইআরএফ সভাপতি দৌলত আখতার মালার সভাপতিত্বে সেমিনারে সমাপনী বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মঈনুল হক।