উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের ক্যানসার হাসপাতালগুলোতে দ্রুত রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, ক্যানসার চিকিৎসার মেশিন স্থাপন ও অপসারণে কোনো দীর্ঘসূত্রিতা রাখা হবে না এবং মেশিন ক্রয় শুল্কমুক্ত করার ব্যবস্থা করা হবে। সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর মহাখালীস্থ জাতীয় ক্যানসার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের ক্যানসার হাসপাতালগুলোতে দ্রুত রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে, যাতে রোগীরা নিজ দেশেই আধুনিক চিকিৎসাসেবা পেতে পারেন। ক্যানসার প্রতিরোধে যা করণীয় সরকার সব করবে এবং স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ এই চিকিৎসায় ব্যবহার করা হবে। তিনি আরও উল্লেখ করেন যে, দেশে এসব আধুনিক যন্ত্রপাতি পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল ও টেকনোলজিস্ট রয়েছেন এবং প্রয়োজনে তাদের তিন মাসের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
স্বাস্থ্য খাতের অতীতের অব্যবস্থাপনার সমালোচনা করে সাখাওয়াত হোসেন বলেন, ১৭ বছরের শাসনামল স্বাস্থ্য খাতকে অনেক পিছিয়ে দিয়েছে এবং এখন কারও গাফিলতি সহ্য করা হবে না। দায়িত্ব পালনে অবহেলা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরি থাকবে না বলেও তিনি কঠোর সতর্কবাণী উচ্চারণ করেন। জাতীয় ক্যানসার হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও চিকিৎসকরা বক্তব্য রাখেন।