উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদের নতুন ভবনের অডিটোরিয়াম হলে সোমবার বিকেল ৪টায় উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমানের সভাপতিত্বে এই সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে ইউএনও মো. আবদুর রহমান দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে সতর্ক ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম শিকদার কিশোর গ্যাং, ইভটিজিং, চুরি, ডাকাতি, দস্যুতা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা বলেন। পাশাপাশি অপরাধ দমনে সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলোকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনের কথা উল্লেখ করেন।
উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা আজাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রশ্মি চাকমা ও প্রাণিসম্পদ কর্মকর্তা ফেরদৌসী আকতার। এছাড়া প্রকৌশলী সৈয়দ আসিফ মুহাম্মদ, মৎস্য কর্মকর্তা তানভীর আহসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিঠু চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ইলিয়াস এবং যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম. ছালেহ উদ্দিন উপস্থিত ছিলেন।
এছাড়াও মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়া, আকতার সানজিদা জাফর পপি, ফায়ার সার্ভিস কর্মকর্তা কামরুল হাসান, প্রকল্প কর্মকর্তা মাহবুব আলম শাওন ভূঁইয়া ও যুবদল নেতা সিরাজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় অংশ নেন। সভা শেষে যথাসময়ে উপস্থিত হয়ে কার্যক্রমে অংশগ্রহণের জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।