উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পশ্চিমবঙ্গে দুর্গাপূজা ঘিরে বিভিন্ন মণ্ডপের সামনে বামপন্থী দলগুলোর বসানো বইয়ের স্টল ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। সিপিএমের অভিযোগ, বিজেপির কর্মী-সমর্থক পরিচয় দিয়ে একদল দুর্বৃত্ত এসব হামলা চালাচ্ছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সোমবার কলকাতা হাইকোর্টে মামলা করেছে দলটি।
এ বিষয়ে দ্রুত শুনানির আবেদন জানানো হলে বিচারপতি পার্থ প্রতীম রায় মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছেন। কলকাতা ও রাজ্যের বিভিন্ন পূজামণ্ডপ ও মেলা প্রাঙ্গণে দীর্ঘ ৬০ বছর ধরে নিয়মিত বইয়ের স্টল দিয়ে আসছে সিপিএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক ও এসইউসিআইয়ের মতো বামপন্থী দলগুলো।
সিপিএম নেতৃত্বের অভিযোগ, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিজেপি নেতৃত্ব আর বাংলায় কমিউনিস্টদের বইয়ের স্টল দিতে দিতে রাজি নয়। এমনকি বিজেপির শীর্ষ পর্যায় থেকে আগেই বামপন্থীদের বইয়ের স্টল না দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ বামদের।
সোমবার মহা অষ্টমীর দিনেও হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকায় সিপিএমের একটি বইয়ের স্টল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় সিপিএমের পক্ষ থেকে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং এর আগে কলকাতার যাদবপুর, হরিদেবপুর ছাড়াও ডোমজুড়, শালকিয়া, ফুলিয়া ও হলদিয়ায় একই ধরনের হামলার ঘটনা ঘটে।