উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
উদারতার নামে কোনো মুসলমান পূজায় অংশ নিলে কিংবা পূজাকে সঠিক মনে করলে তার ঈমান থাকবে না বলে মন্তব্য করেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক। সম্প্রতি জুমার বয়ানে তিনি বলেন, ইসলামের মূল ভিত্তি হলো তাওহিদ এবং আল্লাহ শিরকের মতো মহাপাপ ক্ষমা করবেন না। মানুষকে শিরক থেকে বিরত রেখে তাওহিদের পথে পরিচালিত করতেই যুগে যুগে নবী-রাসুলদের পাঠানো হয়েছে।
তবে বাংলাদেশে বসবাসরত অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও উল্লেখ করেছেন তিনি। খতিব বলেন, অমুসলিমদের নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে এবং তাঁরা যেন নিরাপদে পূজা ও অন্যান্য ধর্মীয় উৎসব পালন করতে পারেন তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের ধর্মীয় বিশ্বাসকে আকিদাগতভাবে সমর্থন করা এক বিষয় নয় বলেও স্পষ্ট করেন তিনি।
বয়ানে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ক্ষমাশীলতার দৃষ্টান্ত তুলে ধরে মুফতি আব্দুল মালেক বলেন, তায়েফে চরম নির্যাতনের শিকার হওয়ার পরও মহানবী (সা.) নির্যাতনকারীদের ধ্বংস কামনা করেননি। বরং তাদের ভবিষ্যৎ প্রজন্মের ঈমান আনার সম্ভাবনা বিবেচনায় নিয়ে তাদের জন্য কল্যাণের আশা করেছিলেন। মুসলমানদের নিজ ধর্মের মৌলিক আকিদা অক্ষুণ্ন রাখার পাশাপাশি সমাজে শৃঙ্খলা ও ন্যায়বিচার বজায় রাখার আহ্বান জানান তিনি।