উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করতে আগামীকাল চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ঐতিহ্যবাহী জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন ও প্রস্তুতি তদারককালে এ কথা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম।
জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সনাতন সম্প্রদায়ের মানুষের মধ্যে বিশেষ উৎসাহ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী সন্ধ্যা সাড়ে ছয়টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সরাসরি জেএম সেন হলে যাবেন। সেখানে মন্দির পরিদর্শন, সনাতন সম্প্রদায়ের মানুষের সঙ্গে কুশল বিনিময় এবং আর্থিক সহায়তার চেক বিতরণ করবেন তিনি।
এবার দুর্গাপূজায় সরকারি সহায়তা বাড়ানো হয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক জানান, সারা দেশে প্রায় দেড় হাজার নতুন পূজামণ্ডপ হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলাতেই প্রায় ৪০০টি নতুন সর্বজনীন পূজামণ্ডপ স্থাপন করা হয়েছে। উৎসবকে আরও আনন্দঘন করতে প্রশাসন ও পূজা উদ্যাপন কমিটি একসঙ্গে কাজ করছে।
দুর্গাপূজা নির্বিঘ্ন করতে প্রায় সাড়ে ১২ হাজার আনসার সদস্য ও পাঁচ হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে এবং প্রতিটি পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।