উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের যোগ্য ও সক্ষম বেকারদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ সোমবার রাজধানীর দয়াগঞ্জে পরিচ্ছন্নতাকর্মীদের নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের ৬৮০টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। পাশাপাশি দুই সম্প্রদায়ের পূজা উদ্যাপন কমিটিকে বিশেষ আর্থিক অনুদান দেওয়া হয় এবং পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রস্তাবিত ১৭টি আবাসিক ভবন দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের মানুষের প্রধান পরিচয় তাঁরা বাংলাদেশি এবং তাঁদের সামাজিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। বর্তমান সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সব নাগরিকের সমান অধিকারের আদর্শেই বিশ্বাস করে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। তিনি পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সমস্যা সমাধানে স্থায়ী ভবন নির্মাণ, পানির সমস্যার সমাধান এবং তাঁদের জন্য একটি মন্দির নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন।