উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অস্ত্র-কাণ্ডে সমালোচিত মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের পর এবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আইনশৃঙ্খলার জন্য যিনি প্রধানত দায়ী সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো জবাবদিহির মধ্যে আনা হচ্ছে না এবং দেশবাসী তাঁর পদত্যাগের দিকে তাকিয়ে আছে। সোমবার রাজধানীর পূর্ব বাড্ডায় একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শ্রী শ্রী পূর্ব বাড্ডা নিমতলা কালীমন্দির পরিদর্শনের সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা তাঁর সঙ্গে ছিলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, ইশরাক হোসেন ফৌজদারি অপরাধ করেছেন এবং আইন প্রয়োগকারী সংস্থাকে এ বিষয়ে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। এর আগে ফেরদৌসী আহমেদ মিষ্টি সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করলেও তাঁকে এখনো গ্রেপ্তার করা হয়নি উল্লেখ করে তিনি জানান, এক ব্যক্তির ইচ্ছা বা নির্দেশ অনুযায়ী দেশ চলছে যা গণতন্ত্র বা আইনের শাসনের উদাহরণ নয়। এছাড়া জাতীয় সংসদের সংবিধান সংশোধন কমিটি প্রসঙ্গে তিনি বলেন, এই কমিটিকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে এবং দলীয় সুশীল বুদ্ধিজীবীদের নিয়ে গঠিত এই কমিটির কার্যক্রম জনগণের সঙ্গে এক ধরনের প্রহসন।