উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনে সোমবার মহা অষ্টমীতে অনুষ্ঠিত হয়েছে কুমারীপূজা। সকাল সাড়ে ৯টায় মহা অষ্টমীর বিহিতপূজার মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। ছয় বছর বয়সী ইজ্জা চক্রবর্তীকে দেবী দুর্গার প্রতিরূপ হিসেবে পূজা করা হয় এবং শাস্ত্রমতে তাঁর পূজার নাম উমা।
সকাল ৯টা ৫০ মিনিটে ইজ্জাকে পূজামঞ্চে অধিষ্ঠিত করা হয় এবং পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে পূজা চলে। কুমারীপূজা দেখতে নির্ধারিত সময়ের আগেই মঠে ভক্তদের ভিড় জমে এবং অনেকে মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করেন।
কুমারীপূজা শেষে ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ পূজার তাৎপর্য তুলে ধরেন। তিনি জানান, ইজ্জা চক্রবর্তী আইডিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং শুদ্ধাত্মা কুমারীর মধ্যে আধ্যাশক্তির সর্বাধিক প্রকাশ ঘটে।
শাস্ত্রমতে এক থেকে ষোলো বছর বয়সী কন্যাকে কুমারী হিসেবে পূজা করার বিধান রয়েছে। কুমারীপূজার পর সেখানে সন্ধিপূজা শুরু হয় এবং দুপুরে মঠ প্রাঙ্গণের বেলতলায় ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।