উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ তৌফিকুল ইসলাম ঝন্টু। সোমবার ১৯ অক্টোবর বিকেল ৪টার দিকে জগদল বাজার থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মোটরসাইকেলের বহরসহ এ কর্মসূচি শুরু করেন তিনি। পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং যেকোনো প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় তিনি শিকদারপাড়া সার্বজনীন দুর্গাপূজামণ্ডপ, জাগলা মধ্যপাড়া সার্বজনীন কালী ও দুর্গাপূজামণ্ডপ, জাগলা বড়বাড়ি দক্ষিণপাড়া সার্বজনীন পূজামণ্ডপসহ ইউনিয়নের সকল মণ্ডপ পরিদর্শন করেন। হিন্দু-মুসলিম নির্বিশেষে সব ধর্মের মানুষের পাশে থাকার চেষ্টা করেন উল্লেখ করে তিনি বলেন, মানুষের বিপদে-আপদে সাধ্যমতো সহযোগিতা করাকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন। এছাড়া ২০২৭ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়ে তিনি নির্বাচিত হলে জগদল ইউনিয়নের উন্নয়ন এবং গরিব, অসহায় ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জগদল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অহিদুর রহমান সজল, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সাবেক সভাপতি মোঃ রবিউল ইসলাম রবিসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। এ ছাড়া সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান, ইউনিয়ন যুবদলের টিম লিডার মোঃ মাকছুদুর রহমান, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ লিয়াকত হোসেন ও সাধারণ সম্পাদক জসীমউদ্দিনসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরা জানান, দুর্গাপূজা উপলক্ষে ঝন্টু ও তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীরা সহযোগিতা করেছেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, পূজার পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন এবং পূজার সময়ে কোনো অপ্রীতিকর বা অপরাধমূলক ঘটনা ঘটেনি। পরিদর্শনের এই কর্মসূচিতে ধর্মীয় সম্প্রীতি, নিরাপত্তা ও সহযোগিতার বিষয়গুলো সর্বাধিক গুরুত্ব পায়।