উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবুধাবিতে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের অন্য দল আফগানিস্তান। এই টুর্নামেন্টে শিরোপা জয়ের পাশাপাশি আসন্ন এশিয়া কাপের প্রস্তুতিও সেরে নিতে চায় লিটন দাসের দল।
আন্তর্জাতিক ক্রিকেটে ত্রিদেশীয় সিরিজের প্রচলন আগের তুলনায় কমলেও এমন আসরে শিরোপা জয়ের সুখস্মৃতি রয়েছে টাইগারদের। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে ইংল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এখন পর্যন্ত খেলা ১৫টি ত্রিদেশীয় সিরিজের মধ্যে এটিই বাংলাদেশের একমাত্র শিরোপা।
এবার আবুধাবিতে আরেকটি ট্রফি জয়ের সুযোগের সামনে দাঁড়িয়ে অধিনায়ক লিটন দাস জানান, নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে শিরোপা জেতা সম্ভব। লিটন বলেন, ‘আপনি যদি দেখেন, এই দল অনেক ভালো ভালো সিরিজ খেলেছে। বিশেষ করে ঘরের মাঠে। আমার কাছে মনে হয়, এই দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। আর আমরা যারা সিনিয়র আছি, তারা যদি সেরা ক্রিকেটটা খেলতে পারি, তাহলে সবকিছু সম্ভব।’
সামনেই দেশের মাটিতে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। এই মহাদেশীয় আসরের প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় সিরিজকে বড় সুযোগ মনে করছেন লিটন। তিনি বলেন, ‘অবশ্যই এখানে বড় সুযোগ। আমার জন্য অধিনায়ক হিসেবে বড় সুযোগ। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ আছে। এশিয়া কাপ বাংলাদেশে হবে। এটাই আমাদের জন্য ভালো প্রস্তুতি হবে। এশিয়া কাপে পাঁচ-ছয়টি দল খেলে, এখানে তিনটি দল। কাছাকাছি ব্যাপারই। যদি ভালো ক্রিকেট খেলি, তাহলে কেন নয় (চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ)?’
তবে ত্রিদেশীয় সিরিজে সমীকরণের বাড়তি চাপের কথা স্মরণ করিয়ে দিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ত্রিদেশীয় সিরিজ খেললে একটা বাড়তি চাপ থাকে। তিনটা দলের জন্য একই রকম চাপ থাকবে যে ফাইনালে উঠতে হবে। আপনি যখন সিরিজ খেলেন, তখন তেমন একটা চাপ আসে না। কারণ, আপনি জানেন প্রথম ম্যাচ হেরে গেলেও একটা সুযোগ থাকে। কিন্তু এখানে হেরে গেলে রানরেটের বিষয় চলে আসে।’ সব মিলিয়ে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে নিজেদের মেলে ধরে ট্রফি জয়ের পাশাপাশি আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াই লিটনদের মূল লক্ষ্য।