উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর রামপুরা ব্রিজের নিচ থেকে মো. আলম মুন্সি নামের ৭২ বছর বয়সী এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে ব্রিজের নিচে মরদেহটি ভাসতে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রামপুরা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ব্রিজের নিচে মরদেহটির অবস্থানের কারণে তা উদ্ধার করতে কিছুটা সময় লেগেছে। নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তার বাড়ি বরিশাল ভান্ডারিয়ায়। বর্তমানে পুলিশ নিহতের পরিবারের খোঁজ করছে এবং এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক সুরতহালে মৃত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তিনি কীভাবে পানিতে পড়ে গিয়ে মারা গেছেন, সে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।