উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার ধামরাইয়ে পূর্ববিরোধের জেরে আনোয়ার হোসেন নামে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করে ধামরাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত যুবকের বাবা আব্দুল হামিদ।
গত ১৪ অক্টোবর রাত আনুমানিক ৮টার দিকে সুয়াপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে কুটিরচর এলাকায় তাঁর ছেলের গতিরোধ করা হয়। এ সময় বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে আনোয়ার হোসেনকে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
হামলাকারীরা তাঁর কাছ থেকে নগদ ২৭ হাজার টাকা ও আনুমানিক ২২ হাজার টাকা মূল্যের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত আনোয়ার হোসেনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে থানায় লিখিত অভিযোগ দেন তাঁর বাবা। অভিযোগকারী আব্দুল হামিদ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।